শ্রী শ্রী চন্দ্রনাথ ধামের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত এই তীর্থস্থান হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান।
সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত এই মন্দির উপমহাদেশের সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র তীর্থস্থান ও অন্যতম শক্তিপীঠ হিসেবে পরিচিত। হিন্দু পুরাণ অনুসারে, এখানে মাতা সতীর ডান হাত পড়েছিল।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১৫২ ফুট উঁচুতে অবস্থিত এই পাহাড়ের চূড়ায় উঠলেই জাগ্রত শিব মন্দিরের দেখা পাওয়া যায়। মন্দিরের ভেতরে স্থাপিত আছে শিব লিঙ্গ। ইতিহাস থেকে জানা যায়, প্রাচীনকাল থেকেই মহামুনি ভার্গব এখানে বসবাস করতেন এবং অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র বনবাসের সময় এখানে এসেছিলেন।
প্রতিবছর ফাল্গুন মাসে শিবচতুর্দশী তিথিতে চন্দ্রনাথ পাহাড়ে বিশাল মেলার আয়োজন করা হয়। বাংলাদেশ, ভারত, নেপালসহ দেশ-বিদেশের লাখো সাধু-সন্ন্যাসী ও পুণ্যার্থীরা এখানে স্নান ও দর্শনের উদ্দেশ্যে সমবেত হন। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য এই স্থানটিকে অনন্য করে তুলেছে।